আবুল হোসেন বাবলুঃ
রংপুরে নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার আঃ মাবুদ রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সোমবার ২৭ এপ্রিল দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ের সভা কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মত বিনিময়কালে মহানগরীর বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন সংক্রান্ত আলোচনা ও পরামর্শ করেন, পুলিশ কমিশনার আঃ মাবুদ।
এ সময় তিনি বলেন, রংপুরের সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মাদক সমস্যা। যদিও এ সমস্যা সারাদেশেই বেড়েছে। এই মাদকের সাথে অন্যান্য অপরাধ যুক্ত হয়ে অপরাধ প্রবণতা আরও বেড়ে গেছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহযোগিতা নিয়ে রংপুর নগরীকে মাদকমুক্ত করতে কাজ করবো। ইতিমধ্যে এ বিষয় আমার সহকর্মীদের নিয়ে মিটিং করেছি। মহানগরীর কোথাও কোনো ঘটনা জানা মাত্রই পুলিশকে জানাবেন, আমাকেও জানাতে পারেন। মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে এক সাথে কাজ করতে চাই।
পুলিশ কমিশনার আরও বলেন, রংপুরে মাদকের পরেই চুরি ছিনতাই, পাশাপাশি যানজট সমস্যাও রয়েছে।
আপনাদের সহযোগিতায়, যে ভাবে কাজ করলে সমস্যর সমাধান হবে, নগরীকে নিরাপদ রাখা যাবে, সেই ভাবে পুলিশ কাজ করবে। রংপুর শান্তির শহর। রংপুরের মানুষ অনেক সহজ সরল। আপনাদের সহযোগিতা নিয়ে এবং পুলিশের টীম গঠন করে টীম ওয়ার্কের মাধ্যমে অপরাধ দমনে কাজ করবো। যাতে করে নগরবাসী নিরাপদে বসবাস করতে পারে।
এসময় তিনি চাকরি জীবনের দীর্ঘ ১৮ বছর পদবঞ্চিতের কষ্টের কথা সাংবাদিকদের সাথে শেয়ার করেন। চাকরি জীবনের বাকি দিনগুলোতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবার সহযোগিতায় কাজ করতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশ কমিশনারকে জানান, বিনা অপরাধে ও মিথ্যা অভিযোগে কেউ যেন হয়রানির স্বীকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা নেয়ার আগে ভালোভাবে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান হাবু, বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, রফিকুল ইসলাম, শাহ আলম, জুয়েল, শাহরিয়ার মিম, এ কে এম সুমন প্রমুখ। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন ও রংপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।