আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি আভিযানিক দল ২১ এপ্রিল বিকাল সাড়ে তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন তালুক দুলালী গ্রামে এক মাদক কারবারির বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির পিছন থেকে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়করাকালে ২৯৬ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার আদিতমারী থানার অন্তর্ভুক্ত তালুকদুলালী গ্রামের চাঁন মিয়া ও জমিলা বেগমের ছেলে জয়নাল আবেদীন (৩০) এবং একই গ্রামের জুলহাস মিয়া ও শেফালী বেগমের ছেলে জব্বার আলী (২৯)।

অপরদিকে একই তারিখ রাত ১১ টার দিকে র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বিরল থানাধীন শহর-গ্রাম ইউনিয়নের শংকরপুর গ্রামে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এ সময় খড়ি রাখার ঘর থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি দিনাজপুর জেলার বিরল থানাধীন পশ্চিম শংকরপুর গ্রামের মৃত মকবুল হোসেন এর ছেলে মকলেছুর রহমান (৪৪)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।