গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩ কেজি গাঁজাসহ মাহমুদা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় তার সহযোগী হিসেবে অটোরিকশা চালককেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাথরডুবি ইউনিয়ন থেকে আসা একটি অটোরিকশায় ওই নারীকে সন্দেহভাজন হিসেবে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে সুপারি বোঝাই একটি বস্তার ভেতর থেকে সাদা প্যাকেটে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৩ কেজি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাহমুদা বেগম ভূরুঙ্গামারী থেকে ঢাকায় মাদক পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এ কাজে সহযোগিতার অভিযোগে অটোরিকশা চালককেও আটক করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।