আবুল হোসেন বাবলুঃ

দেশব্যাপী বেড়েছে হামের প্রকোপ প্রতিকারে শুরু হয়েছে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন। সারাদেশের ন্যায় রংপুরেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রংপুর মহানগরসহ বিভাগে ১৬ লাখ ৬৬ হাজার শিশুকে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। হাম-রুবেলা থেকে শিশুকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী ২০শে এপ্রিল থেকে ২০শে মে,২০২৬ পর্যন্ত চলমান কর্মসূচির অংশ হিসাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

সোমবার (২০শে এপ্রিল) সকালে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এর আয়োজনে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন, রসিক প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী।

উদ্বোধন শেষে সাংবাদিদের সাথে ব্রিফিংকালে মাহফুজ উন নবী চৌধুরী বলেন, হাম-মুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। সারাদেশে ৬ মাস থেকে ৫৯ মাস অর্থাৎ পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টিকা দেওয়া হবে। রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ৭৮ হাজার ৬২৮ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টিকা প্রদানের সময় প্রসঙ্গে প্রশাসক বলেন, মাসব্যাপী এই ক্যাম্পেইন সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। চলমান এই ক্যাম্পেইনে ৩৮ টি গ্রুপে ২৮০টি কেন্দ্রে ১৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

অভিভাবকদের উদ্দ্যেশ্যে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নির্ধারিত বয়সের কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, এজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। টিকা গ্রহণের পর কোনো কারণে শিশু অসুস্থ হলে গুজবে কান না দিয়ে টিকাদান কেন্দ্রের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে অথবা শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। ক্যাম্পেইনের উদ্বোধনকালে সরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক- শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- ২০ এপ্রিল হতে ২০ মে ২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে। এতে রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশ এলাকায় ৭৮ হাজার ৬২৮ জন ও রংপুর জেলার রংপুর সদরসহ ৮ উপজেলায় ২ লক্ষ ৫৬ হাজার ৩৭১ জনের মাঝে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চলবে।