আবুল হোসেন বাবলুঃ

নাবিল পরিবহণের একটি যাত্রীবাহী বাসের যাত্রিবেশী দুই ব্যক্তির দেহ তল্লাশী করে ৫৯৫ পিস ইয়াবা এবং নগদ ৭২ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ০৭ এপ্রিল র‍্যাব-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্ভুক্ত এলাকা দিনাজপুর-ঢাকা মহাসড়কে নাবিল পরিবহণের একটি যাত্রীবাহী বাসের যাত্রিবেশী দুই ব্যক্তির দেহ তল্লাশী করে ২টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকে রক্ষিত ৫৯৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৭২ হাজার টাকাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা ঝালকাঠি জেলার রাজাপুর থানার অন্তর্ভুক্ত আরুয়া সোনাগাঁও গ্রামের সুলতান মীর এর ছেলে মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন মাসিমপুর গ্রামের সামসুল আলমের ছেলে সাহাদত হোসেন (৩৬)।

প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে
অবৈধ মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।