পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে দলীয় কর্মী মো. ইদ্রিসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, গত বৃহস্পতিবার রাতে পাখিমারা বাজারে যুবদলের কার্যালয়ে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর গুরুতর আহত ইদ্রিসের মৃত্যু হয়।

বিবৃতিতে তিনি বলেন, “এ ঘটনা আমাদের অতীতের বিভীষিকাময় সময়ের কথা স্মরণ করিয়ে দেয়।” তিনি আরও অভিযোগ করেন, এ হত্যাকাণ্ড পূর্বের আলোচিত সহিংস ঘটনার পুনরাবৃত্তি।

মাওলানা গাজী আতাউর রহমান অবিলম্বে জহিরুল ইসলামসহ ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি তিনি বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের মধ্যে থাকা সন্ত্রাসী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এর দায় দলকেও বহন করতে হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক ও আইনি উপায়ে এ ঘটনার মোকাবিলা করবে এবং দেশে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেবে না।

বিবৃতিটি পাঠান দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।