জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি রবিবার (১ মার্চ) সকালে রাজধানীর অরোরা হাসপাতালে চিকিৎসাধীন চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির হামলায় গুরুতর আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে যান।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে মফিজুর রহমানের শারীরিক খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে আমীরে জামায়াত মফিজুর রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান প্রমুখ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি সন্ত্রাসীদের হামলায় আহত ইউনিয়ন আমীর মফিজুর রহমানের ভাই হাফিজুর রহমান শাহাদাত বরণ করেন। এছাড়াও ওই হামলায় জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী আহত হন। এ ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আজ রবিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে।