রবিবার (২২ ফেব্রুয়ারী) দিনব্যাপী রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে অনিবন্ধিত ব্যাটারি চালিত অটো এবং রিক্সা আটক করেছে।

আজ রংপুর নগরীর সুরভী উদ্যানের সামনে আকষ্মিক চেকপোস্ট স্থাপন করে অনিবন্ধিত অটো এবং রিক্সা আটক করার চিত্র দেখা যায়। আটক অটো এবং রিক্সাগুলো কিছু সময় পর ছেড়ে দেয়া হয়েছে। এর মাধ্যমে অটো/রিক্সার চালক ও মালিকদের সতর্ক করে দেয়া হয়, যাতে করে বৈধ কাগজপত্র ছাড়া শহরে না ঢুকে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) লিমন রায় বলেন, রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক লাইসেন্স বা নিবন্ধন ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা এবং গ্রাম অঞ্চল থেকে অসংখ্য অনিবন্ধিত অটো/রিক্সা শহরে ঢুকছে। একারণে নগরীতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। আপাতত তাদের জানান দেয়ার জন্য এই সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।

ডিসি ট্রাফিক আরও বলেন, রংপুর মহানগর ট্রাফিক বিভাগ নগরীর যানজট নিরশনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরবর্তীতে অনিবন্ধিত অটো এবং রিক্সার বিরুদ্ধে মামলা দেয়া সহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।