আগামীকাল ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে, র্যাব-১৩’র আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
রংপুর বিভাগের ৩৩ টি সংসদীয় আসনের মধ্যে র্যাব-১৩ এর দায়িত্বাধীন ৩২টি সংসদীয় আসনে মোট কেন্দ্র রয়েছে ৪৬২০ টি। র্যাব-১৩’র আওতাধীন বিভিন্ন জেলায় র্যাবের ৬৪টি টহল দল, ২টি স্ট্রাইকিং রিজার্ভ, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র্যাব নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থেকে র্যাব-১৩’র আওতাধীন নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন। র্যাব -১৩ এর মোবাইল ও স্ট্রাইকিং টিম যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় কাজ করবে।
এছাড়াও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র ও জোরদার করা হবে। র্যাব-১৩’র অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হবে। এছাড়া, র্যাব-১৩’র প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।
বুধবার ১১ ফেব্রুয়ারী বেলা সাড়ে এগারোটায় রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মিডিয়া ব্রিফিংয়ে র্যাবের বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন, র্যাব-১৩’র উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে রংপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সমূহ শনাক্ত ও পর্যালোচনা করে আসন্ন নির্বাচন ২০২৬ ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
র্যাব-১৩’র অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল ও স্ট্রাইকিং টিমের ‘লাইভ লোকেশন পর্যবেক্ষণ সহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। র্যাব-১৩’র মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং৷ অব্যাহত রাখবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোন ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করছে র্যাব।
এছাড়াও, “সুরক্ষা “ অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে র্যাব -১৩ কাজ করে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে র্যাব-১৩’র প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। নির্বাচনে কোনো দুষ্কৃতকারী যেন কোনোভাবেই ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে, সে লক্ষ্যে র্যাব -১৩, রংপুর বলিষ্ঠ ভূমিকা পালন করবে।