রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ মোবাইল ডিউটি চলাকালীন গোপন তথ্যের ভিত্তিতে গঙ্গাচড়া থানাধীন আরাজি নিয়ামত (মৌলভী বাজার) গ্রামে মাহাফুজার রহমান @ জনি’র বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য ফেয়ারডিল ৭৪ বোতল, ESKuf ৭৩ বোতল এবং ৩টি মোটরসাইকেল ও একটি অটোবাইক উদ্ধার করা হয়।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক সহ
৩টি মোটরসাইকেল একটি ব্যাটারি চালিত অটো বাইক উদ্ধার করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, রংপুর জেলার গঙ্গাচড়া থানার অন্তর্ভুক্ত আরাজি নিয়ামত (মৌলভী বাজার) গ্রামের যাদু মিয়ার ছেলে মাহাফুজার রহমান @ জনি (৩৫), একই গ্রামের মৃত মহসিন আলীর ছেলে লিমন মিয়া (৩৭), মৃত আব্দুল মান্নান এর ছেলে রানা মিয়া (৩০), মুকুল মিয়ার ছেলে আদম মিয়া (২৪) ওয়াল টপকে পালিয়ে যায়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি আভিযানিক দল গঙ্গাচড়া থানাধীন আরাজি নিয়ামত মৌলভীবাজার গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের মাহাফুজার রহমানের বাড়ি থেকে মাদকদ্রব্য ফেয়ারডিল ৭৪ বোতল, ESKuf ৭৩ বোতল, মোটরসাইকেল ৩টি ও একটি অটোভ্যান উদ্ধার করা হয়। ওসি আব্দুস ছবুর বলেন, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াল টপকে উল্লেখিত অভিযুক্তরা পালিয়ে যায়। কেউকে আটক করা সম্ভব হয় নাই। তবে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।