পঞ্চগড় চিনিকল মাঠ থেকে জনসভার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে ১০ দলীয় জোট । শুক্রবার দুপুরে বিপুল জনসমাগমের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পঞ্চগড় ১ ও ২ আসনের প্রার্থী সফিউল্লাহ সুফি ও সার্জিজ আলমের হাতে নির্বাচনী প্রতিক তুলে দেন। এই জনসভা ঘিরে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচনী আইন ভঙ্গের জন্য জেলা রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন সাহেব আলী নামে এক বিএনপি নেতা। লিখিত অভিযোগ থেকে জানাযায় ডা. শফিকুর রহমানের পঞ্চগড় আগমন উপলক্ষ্যে মহাসড়কে এবং বিভিন্ন রাস্তার প্রবেশ দ্বারে উঁচু গেইট বা তোরন নির্মাণ করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি ২০২৫ এর বিধিমালা ১৩ অনুযায়ি এই ধরণের গেইট বা তোরণ নির্মাণ সম্পুর্ণ নিষেধ। তোরণগুলোতে নির্বাচনী জনসভা ও ডা. শফিকুর রহমানের নাম লেখা আছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী সায়মুজ্জামান জানান, দশদলীয় জোটের নির্বাচনী জনসভা আয়োজনে নির্বাচন বিধিমালা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি আমলে নেয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়া হবে। দুই পক্ষই অভিযোগ করেছে। বিএনপি প্রার্থীর নির্বাচনী ফেস্টুনও আইন বহির্ভূত করার অভিযোগ পাওয়া গেছে। আমরা দুটি অভিযোগই আমলে নিয়েছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।