মোঃ শাহজাহান বাশার
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতের মালিক বানানোর স্বপ্ন দেখায়, তারা মূলত ধর্মকে ব্যবহার করে জনগণের সঙ্গে বড় ধরনের প্রতারণা করছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসমুদ্রে পরিণত হওয়া এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ১টায় শুরু হওয়া বক্তব্যে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে দিকনির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, “আল্লাহ তা’আলাই সবকিছুর মালিক। অথচ একটি দল রাজনৈতিক ফায়দার জন্য মানুষের ঈমানকে পুঁজি করছে। জনগণকে এসব প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে।”
তিনি গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতাকর্মীদের স্মরণ করে বলেন, “তাদের আত্মত্যাগের কারণেই আজ ফ্যাসিবাদের পতন হয়েছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের নতুন পথ দেখিয়েছে।”
পোস্টাল ভোট ব্যবস্থাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, “বিশ্বের বহু দেশে ডাক ব্যালট ব্যবহার করে ভোট ডাকাতির ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের কৌশল অনুসরণ করে এখনও একটি দল একই পথে হাঁটছে।”
একাত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যারা বলে—সবাইকে দেখা হয়ে গেছে, এখন ভোট দিন—তাদের ইতিহাস মানুষ ভুলে যায়নি। আমরা কারও গোলামি চাই না—না দিল্লির, না পিণ্ডির।”
বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি পরিবারকে আর্থিক নিরাপত্তার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, “ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নেব। সিলেটের নদী ও খাল পুনরুদ্ধার করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।
এর আগে বুধবার রাত থেকেই আলিয়া মাঠে মানুষের ঢল নামে। সকাল হতেই কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
দীর্ঘ ২১ বছর পর সিলেট সফরে এসে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং শ্বশুরবাড়িতে অবস্থান করেন। সফর শেষে তিনি সড়কপথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন জেলায় পৃথক জনসভায় বক্তব্য দেবেন।