মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা জেলার সকল থানার মধ্যে মাদকদ্রব্য উদ্ধার করার ভিত্তিতে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস.আই) রাকিবুল হাসান এবং সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ শাহপরান ডিসেম্বর ২০২৫ মাসে জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

রবিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয়। সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরি, এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের নানাবিধ সমস্যা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সদস্যদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া পুলিশ সুপার সকলকে সতর্কতা, পেশাদারিত্ব, প্রশাসনিক শৃঙ্খলা, নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

গত ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার বিতরণ করা হয় এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাদের অনুপ্রাণিত করা হয়। পুলিশ সুপার এ ধরনের স্বীকৃতির ক্ষেত্রে ভবিষ্যতে অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।