মোঃ শাহজাহান বাশার

দেশের শীর্ষস্থানীয় দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের সত্যতা নিয়ে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক চরিত্র নির্ভর একটি সংবাদ প্রকাশ করা হয়, যা পরবর্তীতে ২০ ঘণ্টা পর হেডলাইন পরিবর্তন করে সংশোধনের চেষ্টা করা হয়।

ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত সংবাদটিতে বিল্লাল হোসেনকে ব্যবহার করে মানুষ হোসেনকে রাজনৈতিকভাবে খাটো করার অপচেষ্টা করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, সংবাদটির সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই এবং এটি সুপরিকল্পিতভাবে রাজনৈতিক প্রণোদিত উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

আরও গুরুতর অভিযোগ হলো—এই বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ কিংবা অভিযোগকারী কেউই অবগত নন। অথচ যথাযথ যাচাই-বাছাই ছাড়াই সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ডের পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন মহল বলছেন, একটি সংবাদ প্রকাশের দীর্ঘ সময় পর হঠাৎ করে হেডলাইন পরিবর্তন করা নিজেই প্রমাণ করে যে সংবাদটি ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করছে।

এ বিষয়ে ক্ষুব্ধ স্থানীয় নেতৃবৃন্দ আরও জানান, হেডলাইন পরিবর্তনের বিষয়টি আরও বড় আকারে পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে তারা জানিয়েছেন। একই সঙ্গে তারা ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাধারণ জনগণের অভিমত, বাংলাদেশের প্রথম সারির একটি পত্রিকায় এমন অনাকাঙ্ক্ষিত, যাচাইহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ হওয়া মোটেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।