কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা মেডিকেল জোনের উদ্যোগে এবং কচাকাটা থানা শাখার আয়োজনে শনিবার (১০জানুয়ারি) কাইয়ারচর মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কচাকাটা থানা ছাত্রশিবির সভাপতি মাহমুদুন্নবী আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি দেশপ্রেমী সংগঠন। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও দারিদ্রপীড়িত মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব, আর আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই মানবিক কার্যক্রমেরই একটি অংশ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা আমীর মাওলানা এনামুল হক। এছাড়াও ছাত্রশিবির মেডিকেল জোন শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।