মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা–ছেলে ও আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে উত্তর চান্দলার শিবু পালের দোতলা ভবনের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে লুঙ্গির ডান পাশের কোচ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ওই ভবনের দোতলায় পুনরায় অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত আরও দুজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে ২২ পিস এবং অপরজনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ নিয়ে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় মোট ১৪৭ পিস।

গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর চান্দলা এলাকার মৃত বিলাশ চন্দ্র পালের ছেলে শিবু পাল (৪০), একই এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মিল্লাত (২০) এবং তার স্ত্রী সাজিয়া বেগম (৪৫)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিল্লাত ও সাজিয়া বেগম মা–ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।