ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই ভোগবাদী, দুর্নীতিবাজ কিংবা লীগ–বিএনপির মতো রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম, গবেষক, কলামিস্ট এবং রাষ্ট্রচিন্তক মুফতী হাবিবুর রহমান মিসবাহ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অতীতেও যেমন ইসলামী আন্দোলন কারও ক্ষমতার হাতিয়ার হয়নি, এবারও সমঝোতা বা ‘ওয়ান বক্স পলিসি’ কোনো ব্যক্তিগত বা দলীয় ক্ষমতার স্বার্থে তৈরি করা হয়নি।
মিসবাহ লেখেন, এই উদ্যোগের একমাত্র লক্ষ্য হলো রাষ্ট্রক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করা। তবে কেউ যদি এই সুযোগকে কাজে লাগিয়ে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এবং অন্যদের কেবল সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে সেই সমঝোতা আর টিকবে না।
তিনি আরও বলেন, “কারও অতি লোভের কারণে যদি প্রথমবারের মতো রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ নস্যাৎ হয়ে যায়, তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক।” একই সঙ্গে আশা প্রকাশ করেন, দীনি স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি সবাই উদারতার সঙ্গে সমঝোতা ধরে রাখে, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।
পোস্টের শেষাংশে মিসবাহ উল্লেখ করেছেন, তার লেখায় কাউকে অসুন্দর ভাষায় আক্রমণ করা হয়নি। তবুও যুক্তি খণ্ডন করতে না পেরে কেউ কেউ গালাগালির পথ বেছে নিচ্ছেন। এদের প্রতিও তিনি শুভকামনা জানিয়েছেন।
এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।