মোঃ শাহজাহান বাশার
পরিশুদ্ধ হৃদয় ও আকিদার বিশুদ্ধতা ব্যতীত কোনো আমলই আল্লাহ তায়ালার নিকট গ্রহণযোগ্য নয়—এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান হযরত শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে শরীয়তপুর জেলার ডামুড্যা থানার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ড চরভয়রা এলাকায় অবস্থিত খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া শরীফের শুভ উদ্বোধন উপলক্ষে খলিফা শাহ্ মোঃ আবুল কালাম মাইজভাণ্ডারীর বাড়িতে আয়োজিত ওয়াজ ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, বর্তমান সময়ে মানুষ আল্লাহর ওলীদের সংস্পর্শ থেকে দূরে সরে যাওয়ায় দিন দিন ভ্রান্ত আকিদার দিকে ঝুঁকে পড়ছে। অথচ ইসলামের মূল শিক্ষা হলো পরিশুদ্ধ হৃদয়, বিশুদ্ধ বিশ্বাস ও সঠিক পথ অনুসরণ। তিনি বলেন, “আকিদা শুদ্ধ না হলে কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না।”
তিনি আরও বলেন, বিশুদ্ধ আকিদা তথা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আদর্শ প্রচার ও প্রসারে সুন্নী যুব ও ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আত্মশুদ্ধি অর্জনের জন্য প্রত্যেক মুসলমানের উচিত একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হওয়া।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর মাঝি, সাবেক পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম, খলিফা শাহাবুদ্দিন বাচ্চু প্রমুখ।
এছাড়াও মাহফিলে বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্ত-মুরিদান উপস্থিত ছিলেন।
মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসূফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।