মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খোদাইধূলী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম খান পরিবারের কৃতি সন্তান ফাইরুজ আনিকা (নওরীন) মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করায় পরিবার ও এলাকাজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। এই সাফল্যে পরিবারটির পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার দরবারে অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করা হয়েছে।

ফাইরুজ আনিকা (নওরীন) অবিভক্ত বুড়িচং–ব্রাহ্মণপাড়া এলাকার দুইবারের বি.আর.ডি.বি চেয়ারম্যান মরহুম হাজী হারিজ খান সাহেবের নাতনী। তাঁর পিতা মিজানুর রহমান খান বুড়িচং বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং চাচা মশিউর রহমান খান কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজসেবামূলক ও শিক্ষাবান্ধব একটি পরিবারের সন্তান হিসেবেই তিনি বেড়ে উঠেছেন।

শিক্ষাজীবনে শুরু থেকেই ফাইরুজ আনিকা (নওরীন) ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিসহ জিপিএ-৫ অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রাখেন। ধারাবাহিক এই কৃতিত্বের ফলস্বরূপ তিনি দেশের একটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেন, যা তাঁর পরিবার ও এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফাইরুজ আনিকা (নওরীন) বলেন,
“এই অর্জনের পেছনে আমার বাবা-মা, পরিবার, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের অবদান অপরিসীম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একজন আদর্শ চিকিৎসক হয়ে আমার গ্রামবাসীসহ অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চাই।”

তার এই সাফল্যে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শিক্ষকবৃন্দ ও খোদাইধূলীসহ আশপাশের এলাকার মানুষজন গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন—ফাইরুজ আনিকা (নওরীন) ভবিষ্যতে মানবসেবায় নিজেকে উৎসর্গ করে সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।