মো. শাহজাহান বাশার

সোমবার (১ ডিসেম্বর ২০২৫), সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person – VIP) ঘোষণা করেছে। একই সঙ্গে তার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে।

সরকারি সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে যাতে তার যেকোনো কর্মকাণ্ড, ভ্রমণ বা রাজনৈতিক কার্যক্রম নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে।

এই সিদ্ধান্তের ফলে খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাকে সাধারণ নিরাপত্তা ব্যবস্থার বাইরে একটি স্বতন্ত্র নিরাপত্তা কাঠামোর আওতায় আনা হয়েছে।