মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
২০২৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসে এক অনন্য আয়োজন—জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকবেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের কৃতী সন্তান, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, প্রয়াত আবদুর রাজ্জাক খান চৌধুরীর পুত্র।
দেশের গুরুত্বপূর্ণ এই জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে গভীর গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—“এই মুহূর্ত শুধু একজন ব্যক্তির নয়, এটি আমাদের প্রজন্মেরও গর্বের প্রতীক। দেশের ইতিহাসে এমন এক গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী হতে পারা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।”
তিনি আরও জানিয়েছেন, এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্নার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার অনুপ্রেরণাতেই ব্যারিস্টার সোহরাব এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন বলে মন্তব্য করেন তিনি।
আজ ১৭ অক্টোবর ২০২৫, বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই জাতীয় জীবনে উৎসবের আমেজ তৈরি হয়েছে। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনায় অংশ নিতে পারছেন বলে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী নিজেকে ধন্য মনে করছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এই অনুষ্ঠান জাতিকে নতুন প্রেরণা ও ঐক্যের পথে এগিয়ে নেবে।
শেষে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বলেন,“এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের জাতির নতুন অঙ্গীকারের সূচনা। এমন একটি দিনের সাক্ষী হতে পারা আমার জীবনের বড় গর্ব।”