হাফেজ আরিফুল ইসলাম, স্ট্যাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পুলিশি টহল ও নজরদারি রাখা হচ্ছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদের নেতৃত্বে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল স্তরের নাগরিকের সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে যেসব ব্যবস্থা:

সিসি ক্যামেরা: প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

আলোর ব্যবস্থা: পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে।

স্বেচ্ছাসেবক দল: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দল নিয়োগের বিষয়েও আলোচনা চলছে।

মাদক ও জুয়া প্রতিরোধ: পূজা চলাকালীন সময়ে মাদক, জুয়া এবং অন্যান্য অপ্রীতিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

নিরাপত্তা নিশ্চিত করে একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত ও তৎপর রয়েছে।