মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। একই মামলায় সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে উপস্থিত হন। এদিন সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণে তারা উপস্থিত হতে না পারায় আদালত নতুন করে এই তারিখ নির্ধারণ করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মামলাটির ১৪তম দিনের শুনানিতে গত ৯ সেপ্টেম্বর মোট ৬ জন সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দেন। এর আগে ৮ সেপ্টেম্বর আরও ৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। এ পর্যন্ত মামলাটিতে মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।