রংপুর ব্যুরোঃ
রংপুরে মাদকের কারবার করে নামের আগে-পরে একজন ইয়াবা সরবরাহকারীর নাম কত স্টাইলিশ হতে হতে পারে! ভালো নাম মাসুদুর রহমান টিটু। মহানগর ডিবি পুলিশের অভিযানে ধরা পড়ার পর জানা গেল তিনি রংপুর শহরের অন্যতম প্রধান ইয়াবা সরবরাহকারী ও পাইকারি বিক্রেতা।
আরপিএমপি'র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি'র উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে (২৮ জুন) রবিবার রাত সাড়ে এগারোটার দিকে নগরীর মুন্সিপাড়া এলাকা থেকে হেরোইন ও ইয়াবা সহ তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিসি ডিবি সনাতন চক্রবর্তী জানান, টিটু দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা এবং হেরোইন এনে রংপুরে পাইকারি বিক্রি করতো। টিটু'র নামে দেশের বিভিন্ন থানায় ১২টির অধিক মাদক মামলার সন্ধান পাওয়া গেছে।এছাড়াও টিটু'র বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা অনিষ্পন্ন অবস্থায় রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
তিনি আরও বলেন, এর আগে রংপুর মহানগর ডিবি পুলিশের অভিযানে যেসকল খুচরা ব্যবসায়ী গ্রেফতার হয়েছিল তারা অনেকেই পুলিশের জিজ্ঞাসাবাদে ইয়াবা সরবরাহকারী হিসেবে পাইকারি বিক্রেতা মাসুদুর রহমান টিটু @ মাসুদ রানা টিটু @ টিটু মালকেরুর নাম বলতো।
প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থে তিনি নগরীর হনুমানতলা ও ভোগী বালাপাড়া এলাকায় একাধিক পাকা বাড়ি নির্মাণ এবং বিভিন্ন যানবাহনের মালিক হয়েছেন। দীর্ঘদিনের প্রচেষ্টা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন রাতে তাকে রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত মাসুদুর রহমান টিটু @ মাসুদ রানা টিটু @ টিটু মালকেরু মহানগরীর ভগি বালাপাড়া মহল্লার খলিলুর রহমান খট্টুর ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।