র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য যে, আওলাদ হোসেন (২৪) এর বিরুদ্ধে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৪(গ) ধারায় মামলা হয় এবং জিআর ৪২/২২ ও সেসন-৩৮০/২২ মূলে তার যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা দন্ডে দন্ডপ্রাপ্ত হন। দন্ডপ্রাপ্ত হওয়ার পর হতে আওলাদ হোসেন পলাতক ছিলো।
উক্ত আসামীকে গ্রেফতারের জন্য হাতীবান্ধা থানা কর্তৃক অধিযাচন পত্র পেয়ে র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্প গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামী গ্রেফতারের জন্য তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ রংপুর সিপিসি-২ নীলফামারী ক্যাম্প ২৭ ফেব্রুয়ারী রাত সোয়া দুইটার দিকে নীলফামারী জেলার সদর থানাধীন কচুকাটা গ্রামস্থ জনৈক ফারুক হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার অন্তর্ভুক্ত পূর্ব ফকির পাড়া গ্রামের হানিফার ছেলে আওলাদ হোসেন (২৪)। ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।