চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের সিটের নীচ থেকে ৩৯ বোতল কাফ রিলিফ নামক সিরাপসহ রফিকুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে।
বৃহঃবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মুন্নাপাড়ার আব্দুল কাদেরের ছেলে।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়ার আমবাগানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল খড়িয়াল শেখপাড়াস্থ জনৈক সামেদের আমবাগানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রফিকুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় রক্ষিত নেশা জাতীয় ৩৯ বোতল কাফ রিলিফ সিরাপ উদ্ধার করে র্যাব।