র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার ২৫ ফেব্রুয়ারী মধ্য রাতে র্যাব-১৩'র সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মাদক কারবারি মোজাম্মেল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ২৫৯ বোতল এস্কাফ জব্দ সহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নেয়ামুদ্দীনের ছেলে মোজাম্মেল হক (৪৫)।
প্রাথমিকভাবে জানা যায়,ধৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলা সহ দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।