আবুল হোসেন বাবলুঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে গলাকেটে ক্লুলেস হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলার প্রেক্ষিতে র্যাবের যৌথ অভিযানে সাভার থেকে ২ জন গ্রেফতার।
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারী দুপুরে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন জুম্মারপাড় তেলিপাড়া গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় ৬০ বছর বয়সী বৃদ্ধা দেলোয়ারা @ দুলালী বেগমকে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করেছে। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা রুজু হয়। যার মামলা নং-০৯, তারিখ- ১০/০১/২০২৬ ইং।
উক্ত হত্যা কান্ডটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যাকাণ্ডের পর থেকে আসামীগণ আত্মগোপনে ছিলো। আসামীদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারী সন্ধ্যা সাতটার দিকে র্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী ও র্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন জয়নাবাড়ী মহল্লায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার অন্তর্ভুক্ত জুম্মারপাড় (তেলিপাড়া) গ্রামের মৃত ইসমাইলের ছেলে এরশাদ আলী (৪৫) ও তার ছেলে সজিব (২২)। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।