
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চার কেন্দ্র হওয়ার কথা থাকলেও বর্তমানে তা সহিংসতা ও ক্ষমতার দ্বন্দ্বের ময়দানে পরিণত হয়েছে, যা জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ।
২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "চট্টগ্রাম সিটি কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ দেশের শিক্ষাঙ্গনে চলমান সহিংস রাজনীতির এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার কথা থাকলেও কিছু নির্দিষ্ট গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আজ সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ ও বিরূপ হয়ে উঠছে।"
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। একইসাথে, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।