লালমনিরহাট প্রতিনিধি:
র্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ২১১ বোতল ফেন্সিডিল ও ১২২ বোতল ESKufসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ব্যাটালিয়ন সদর রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ৬নং গোড়ল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেবক দাস এলাকায় অভিযান চালায়। এসময় জনৈক কমল চন্দ্র রায়ের বসতবাড়ির পূর্ব দুয়ারী দোচালা টিনের গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে ১২২ বোতল ESKuf জব্দ ও তাকে (৪১) গ্রেফতার করা হয়।
পরে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোঙ্গাগাছ এলাকায় পলাতক আসামী শ্যামল চন্দ্র রায়ের বাড়ির উঠানে অভিযান চালানো হয়। এসময় বসতবাড়ির উঠানে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ২১১ বোতল ফেন্সিডিল ও দুইটি মোটরসাইকেল জব্দসহ পার্থ রায় কাজল (২৫) কে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে তারা মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।