রংপুরে নকল ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পায় ডিবি। পরে ডিসি ডিবি সনাতন চক্রবর্তীর নেতৃত্বে ডিবি'র একটি চৌকস আভিযানিক দল শনিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে নগরীর ১৩নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামের প্রেসিডেন্টের মোড় এলাকার ওই কারখানায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ নকল ঘি সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

আটককৃত ব্যক্তি রংপুর জেলার পীরগাছা থানাধীন আদম গনেশের খামার এলাকার হোসেন আলীর ছেলে মাইদুল ইসলাম (৩০)।

ডিসি ডিবি জানান, অভিযানকালে নকল ঘি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও খালি কৌটা, প্রায় পাঁচ মণ ঘি এবং সিল করার মেশিন জব্দ করা হয়। তিনি আরও বলেন, আটক ব্যক্তি ছয়মাস আগে দামোদরপুরের প্রেসিডেন্টের মোড় এলাকায় একটা ঘর ভাড়া নিয়ে এই নকল ঘি তৈরির কারখানা গড়ে তোলেন। অভিযানে দেখা যায় কোন রকম দুগ্ধজাত দ্রব্য ব্যবহার না করেই শুধুমাত্র ডালডা, পাম ওয়েল এবং কৃত্রিম কেমিক্যাল ফ্লেভার ব্যবহার করে এই ঘি তৈরি করতেন যা, অরিজিনাল ঘি’য়ের চেয়েও বেশি সুগন্ধি। এসব ঘি রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করতেন। রমজান উপলক্ষে তার কার্যক্রম অনেক বৃদ্ধি পেয়েছিল। ডিসি ডিবি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ জনস্বার্থে ভেজাল, জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।