
মোঃ শাহজাহান বাশার
আসন্ন নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি হুঁশিয়ার করে বলেছেন, প্রশাসন যদি নিরপেক্ষতা হারায়, তাহলে যেকোনো নির্বাচনী আসনে ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
রোববার অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান—কোনো প্রার্থী বা দলকে বিশেষ সুবিধা না দিতে।
রুমিন ফারহানা বলেন, সরকার ও প্রশাসনের দায়িত্ব হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা। আইন প্রয়োগে বৈষম্য হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। তিনি বলেন, অতীতে নিরপেক্ষতার অভাব থেকেই বড় ধরনের গণআন্দোলন তৈরি হয়েছিল, যা ইতিহাসে স্পষ্টভাবে লেখা আছে।
তিনি আরও বলেন, কোনো প্রার্থীকে আলাদা চোখে দেখলে বা প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। নির্বাচনী মাঠে শান্তি বজায় রাখতে প্রশাসনকে কঠোর ও ন্যায়সঙ্গত ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, শনিবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রুমিন ফারহানার একটি সভা ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দেয়। ওই ঘটনায় তার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার বাকবিতণ্ডা এবং ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
এই বিতর্কিত ঘটনার পরপরই প্রশাসনের ভূমিকা নিয়ে এমন কঠোর বক্তব্য নির্বাচনী উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।