
ঢাকা, ১৩ এপ্রিল (মঙ্গলবার) ২০২৬:
অবৈধ গ্যাস সংযোগ ও অননুমোদিত ব্যবহার রোধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। নিয়মিত তদারকির অংশ হিসেবে গত ১২ এপ্রিল বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, পাইপ ও বার্নার জব্দ এবং মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহীদের নেতৃত্বে তিতাস গ্যাসের জোবিঅ-এনায়েতনগর-কাশীপুর আওতাধীন চাঁদনী হাউজিং, ফতুল্লা এলাকায় ২টি স্পটে অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ৬০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩/৪ ইঞ্চি ২৬৫ ফুট এমএস পাইপ, ১১০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ২টি স্টার বার্নার, ১৫ ফুট হুজ পাইপ ও ১০টি লক উইং কক জব্দ/অপসারণ করা হয়।
এছাড়া এক আবাসিক গ্রাহকের নিকট থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একই দিনে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও আনারপুরা এলাকায় ৫টি স্পটে অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ পরিত্যক্ত ২টি চুনা কারখানা, নাইটমুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ২টি ড্রাইভার হোটেল ও ১টি ঢালাই কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সোর্স লাইন কিলিং করা হয়।
অভিযানে ৫টি স্টার বার্নার, ১টি সিঙ্গেল বার্নার ও ১টি ডাবল বার্নার জব্দ করা হয়েছে।
এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সিমন সরকার এবং জাতীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তিতাস গ্যাসের ভিজিল্যান্স বিভাগ ও মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ এর যৌথ উদ্যোগে মোহাম্মদপুরের বসিলা এলাকায় শাহজালাল হাউজিংয়ে অভিযান চালানো হয়।
অভিযানে একাধিক অবৈধ গ্রাহকের আনুমানিক ১০৬টি ডাবল চুলা ও ১৮টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ৩টি রেগুলেটর, ১টি বুস্টার এবং প্রায় ৭০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ অপসারণ/জব্দ করা হয়।
এই অভিযানে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রাজস্ব উপশাখা টাঙ্গাইল ও বিক্রয় শাখার যৌথ উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত পৃথক অভিযানে বকেয়া বিল ও অননুমোদিত অতিরিক্ত স্থাপনার কারণে ৭টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে মোট ১৩টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ দেশের জ্বালানি নিরাপত্তা ও রাজস্বের জন্য বড় হুমকি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।